ক বি স ব্য সা চী স র কা র
সব্যসাচী সরকার
নয়ের দশকের কবি। প্রথম কবিতার বই, ‘শুধু উইকেট বোঝে।’ এ ছাড়া উপন্যাস লিখেছেন দশের বেশি। ক্রীড়া সাংবাদিকতার জন্য পেয়েছেন মতি নন্দী পুরস্কার। পেশার জন্য ঘুরেছেন বিশ্বের নানা দেশ। বর্তমানে ‘এই সময়’ দৈনিকের ক্রীড়া সম্পাদক।
দুটি কবিতায় কবি সব্যসাচী সরকার
অনলাইন
এখানে মেঘলা করেছে,
ওখানে কি বরফের স্তূপ?
স্টিয়ারিং হাতে খোঁজো পুরোনো শহর?
এখানে তেমন কোনও ঘটনাই নেই,
অটোর লাইনে সেই কাকিমা-পিসিমা।
একুশের হইচই ওখানে বেড়েছে?
স্মৃতিটুকু খুঁজে নেওয়া,
সাদা ফুল, পাঞ্জাবি কিছু?
এইখানে স্কুলগুলো আবার খুলেছে,
কাঁধে ব্যাগ, হাসিমুখ,
কচি খুনসুটি।
মাইনাস কত আজ তোমার ওখানে?
এখানে বোতাম খোলা,
অনলাইনের টানে ডুবছি, ভাসছি….
অ্যালেক্সা
নির্দিষ্ট মুখের কাছে ধরা পড়ে গেছো।
পালানোর পথ নেই,
ইচ্ছেও নেই।
মনে রেখো,
অ্যালেক্সা বাঁচাবে না রোজ!
কোনটা যে চোরাগলি, কোনটা যে খাদ,
কোনওদিন ভালো করে খেয়াল করোনি।
অভিমানে সে-ও দ্যাখো কিচ্ছু বলেনি।
হাইওয়ে জুড়ে ক্ষোভ—
অ্যালেক্সা বিদ্রোহী,
বললেই ঝট করে গাইছে না গান--
হয়তো পেয়েছে খুঁজে খেয়ালি প্রেমিক!

Comments
Post a Comment