ক বি জ য়ি তা ব সা ক

জয়িতা বসাক

জন্ম:- ৯ ডিসেম্বর,.১৯৮১। শিক্ষা- এম.টেক. যাদবপুর বিশ্ববিদ্যালয় (তথ্য প্রযুক্তি) পেশা: বেসরকারি মহাবিদ্যালয়ের প্রযুক্তি সহায়ক।

দুটি কবিতায়

কবি জয়িতা বসাক


অমরত্বের খোঁজে


এক স্বর্গীয় ভালোবাসা ঠোঁটে তুলে নিয়ে

পৃথিবীর যাবতীয় কাদা জল ঠেলে ঠেলে

মহেঞ্জোদারো সভ্যতার অতলে ডুবে যাব...

ভাঙা মৃৎপাত্রে এঁকে দেব অপার্থিব প্রেম

দেওয়াল জুড়ে অপ্রকাশিত শিলালিপি,

রূপকথার পলিস্তরে ঘুমিয়ে পড়বে সব...


সভ্যতা ছিঁড়ে যেদিন কুড়িয়ে আনবে অতীত,

বাতাসের সারাগায়ে তখনও তৃপ্তির আশ্লেষ…

নেশাতুর অন্ধকারে ভাসে অলৌকিক ঘ্রাণ

জ্যোৎস্না নেমে আসে শিয়রে,জ্বেলে দেয় দীপ

দেখবে,মায়াবী আলোয় আজও শুয়ে আছে

দুটো ঘুমন্ত ফসিলের মাঝে একটা জীবন্ত চুম্বন..

 

দাম্পত্য    


তোমারই বিছিয়ে রাখা ছায়াপথ জুড়ে

একদিন নিভে যাওয়া নক্ষত্রের মতো

মৃত ভালোবাসা পড়ে থাকে...


তবু আলোকবর্ষ পেরিয়ে সেই ছায়া নেমে

আজও ভিজিয়ে দেয় অন্ধকার শরীর,

হিমশীতল অবগাহনের শব্দ হাওয়ায় ভাসে...

শুধু, দূরবীনের কাঁচে রাখা চোখ জানে---

শূন্য মাধ্যম জুড়ে মৃত শরীর ছুঁয়ে ছুঁয়ে

এখন শুধু নিঃশব্দে পোড়া ছাই ওড়ে...


 


 



 





Comments

Popular posts from this blog

স ম্পা দ কে র জা না লা

অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়