ক বি স ঞ্চা রী গো স্বা মী


সঞ্চারী গোস্বামী

কলকাতার বিদ্যাসাগর কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক। একইসঙ্গে তিনি সঙ্গীতশিল্পী ও কবি। জন্ম ১৪ ফেব্রুয়ারি, ১৯৮৬ নদীয়া জেলার কল্যাণীতে। বড় হয়ে ওঠা মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। বাবার চাকরিসূত্রে ১৯৯৮ সালে পাকাপাকিভাবে হুগলি জেলার ব্যাণ্ডেলে চলে আসা। বর্তমান নিবাস হুগলি জেলার শ্রীরামপুর শহর। কবিতা  লেখার শুরু স্কুলজীবনে। প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ 'তেপান্তরের ক্লাসরুম' ও 'নগ্ন হতে শেখো'। এ যাবৎকালে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।

দুটি কবিতায় কবি সঞ্চারী গোস্বামী







অন্ধকারের মাপকাঠি


হঠাৎ আলো নিভে গেলে

কেমন গাঢ় অন্ধকারে ডুবে যায় সমস্ত দৃশ্যপট—

যেন অপরিসীম স্তব্ধতা চেপে বসতে চায় মাথায়

কেবলই অন্ধকার, আরো অন্ধকার,

আরো আরো গভীর সেই অন্ধকারে—

তারপর একটু একটু করে অন্ধকারের মধ্যেও

জেগে ওঠে অল্প অল্প আলো;

অস্পষ্ট, তবু ঠাহর করে নেওয়া যায় ছবিগুলি,

অন্ধ মানুষের মত।


সেই অস্পষ্ট জগতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে নিতে

মনে হয়,

যদি মেপে নেওয়া যেত কোনখানে কত অন্ধকার !


বাংলাদেশ


বাংলাদেশ আমার কাছে একটা স্বপ্নের নাম;

দিগন্তজোড়া সাঁকো দিয়ে

যেখানে অবাধ পারাপার করে সেইসব স্বপ্নেরা

আর সেই সাঁকোর দুইপারে যেসব মানুষ অপেক্ষা করে

তাদের পোষাকে, চোখের তারায়,

চুলের ওপর ছুঁয়ে যাওয়া সূর্যকিরণে

আশ্চর্য এক রামধনু খেলা করে।


সেই সাঁকো থেকে অনেক দূরে বসে

আমি কিছুতেই সেই স্বপ্ন

কোনোদিন দেখতে পাই না।

Comments

Popular posts from this blog

স ম্পা দ কে র জা না লা

অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়