ক বি রা খী স র দা র
রাখী সরদার
জন্ম:-১৩ই ফেব্রুয়ারি, ১৯৭৭।দক্ষিণ চব্বিশ পরগণার আমতলার নিকটবর্তী একটি গ্রামে ।দুহাজার সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কিছু কবিতা লিখেছিলেন।তারপর দীর্ঘদিন লেখালেখি বন্ধ হয়ে যায়।পুনরায় দুহাজার সতের সাল থেকে কবিতায় ফিরে আসা। বর্তমানে চাকরী সূত্রে বসবাসপশ্চিমবঙ্গের পূর্বমেদনীপুর।পেশায় স্কুল শিক্ষিকা।প্রকাশিত কাব্যগ্রন্থ:- চারটি(খয়েরি কেরকেটা,জল ছুঁয়েছে কৌশধ্বনি,বাদামি চুলে স্বপ্ন সনেটগুচ্ছ, শস্য ভেজা চোখের দোহাই )কবিতার পাশাপাশি গল্প ও প্রবন্ধ লেখেন।সম্প্রতি একটি উপন্যাস লেখায় মনোনিবেশ করেছেন।আজীবন সাহিত্য সাধনায় জীবন কাটাতে চান।
দুটি কবিতায়শস্যপুরাণ
জলার বাঘিনী,
কতটুকু ধান পেলে
ছেড়ে দিবি কৃষক-কলিজা?
এই পুষ্ট বীজ ,দ্যাখ্
আত্মরোপণের পূর্বে নাভি ফেটে
রক্তের সংলাপ
সবজান্তা পশু তুই । কোন্ আদি
নাট্যকার গুপ্ত ছু-মন্তরে আবার
ফেরাতে পারে রুক্ষ মাঠে দক্ষ কুশীলব ?
পশুব্রত শুধুই কী রক্তের অহং!
অন্ন-তীর্থে একবার আয়,যেথা
অভিনয় সূত্রে তুই হতেই পারিস
রানী শস্যবতী। রাজা হবে গ্রামের
কৃষক।
মৃত্যু ঘোর কেটে
মাঠে মাঠে সবুজ অপেরা
কোনো এক চাষী ছেলে
দীর্ঘ উপবাস ভুলে বাক্যবীজে লিখে যাবে অনঘ শস্যপুরাণ
বুনো স্ট্রবেরি এবং...
নদীটি পৃথিবী ভাসিয়ে
নিজস্ব কলস্বরে উন্মাতাল
তীর বরাবর শরীরী পথে উঠে আসছে
দিগন্ত ফেরত এক নারী।
তার চমকে দেওয়া দু'চোখে
স্বপ্নসম সবুজ উপত্যকা , মধ্যে মধ্যে
বুনো স্ট্রবেরির লালচে আঁকিবুকি।
কারো বাদামি ওষ্ঠ সব ভুলে শুষে
নিচ্ছে সেই সব স্ট্রবেরির সূর্য-শোভনতা...
একটু পরেই সে রূপসী নীলঘন যৌনতার ফোয়ারা, একে একে
উন্মোচিত বক্ষ, নাভি, উরুর মণীষা...
খুব ব্যক্তিগত চোখে আমি তখন
কামরাঙা ফুল ।বুনো আঘ্রাণে দেখে
নিই নিবিড় গহন কিছু...
Comments
Post a Comment