ক বি শো ভা চ ন্দ
শোভা চন্দ
শিক্ষাগত যোগ্যতা অনার্স এবং এম এ (ডবল)দর্শন শাস্ত্র এবং ইতিহাসে ।দক্ষিণ কলকাতায় বসবাস। ছোটবেলা গান,বাজনা আবৃত্তি ,সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বেড়ে ওঠা।কবিতা লেখার পাশাপাশি ছড়া, ছোট গল্প, প্রবন্ধ, নিবন্ধ লেখালেখি করেন।প্রথম যৌথ কাব্যগ্রন্থ 'শত কবির হাজার কবিতা' দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ "জোড় কলমের পলাশ ফুল" সমীক্ষা মূলক নিবন্ধ উলুবেড়িয়ার 'শত গাঁয়ের পেটের কথা'(প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড)১০ টি প্রবন্ধ।একক কাব্যগ্রন্থ "বোধে ও বিস্ময়ের অনুভূতি মালা " মুখবন্ধ লিখেছেন শ্রদ্ধেয় কবি শ্রী পবিত্র মুখোপাধ্যায় মহাশয়।কবিপত্র, অথ ধরিত্রী কথা(কলকাতা পিয়ারলেস),আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা কলকাতার যিশুু, হলদিয়া থেকে আপনজন, নর্থবেঙ্গল থেকে উত্তরের হাওয়া ,ডুয়ার্স সমাচার এবং মানসী, দেশ পত্রিকা, আবার এসেছি ফিরে এবং পুনশ্চ, কবিতার কাগজ, যুগ সাগ্নিক,সূর্যদেশ, চিন্তক, বুলবুল, আর্ষ প্রয়াস,এই সময়,সৃজনী ভারত,নব যুগান্তর,শব্দের ঝংকার।'দ্রোহগর্ভ শম্ভু রক্ষিত' সম্পাদক স্বর্গীয় শ্রী বঙ্কিম চক্রবর্তী মহাশয়, প্রমিতাক্ষর আরো বেশ কিছু ভালো পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা।
দুটি কবিতায়
কবি শোভা চন্দ
বসন্ত প্রেম
পবিত্র দম্ভের দেশে মন রেখে
তোমার গাঢ় প্রেম নিভছে!
জীবন জেনেছে, তোমার প্রেমের উজ্জ্বলতা
চোখের নরম ভাষা, বুকের শূন্যতা
কাছে না পাওয়ার সুতীব্র ব্যাকুলতা......
তুমি সত্যিকে মুছে
ভুল বুঝে নির্জন অন্ধকারে দগ্ধ হও!
আর অভিমান নয়,ভালোবাসা আঁকড়ে ধরো...
এসো আজ মধুর বসন্তে মিহি জ্যোৎস্না মাখি
হাতে হাত ছুঁয়ে লাল পলাশের ঘ্রাণ মেখে
প্রণয় ইতিহাস গড়ি.....
চিতা জ্বলে ওঠো
হতাশায় জীবনকে কখনও কখনও
নিজের কাছেই আস্ত একটা শ্মশান মনে হয়!
নিজেই নিজের চিতা সাজিয়ে বসে থাকি,
তবুও কেউ তাকে আগুন দিতে আসেনা!
সে সুধাংশুর কাছে খোঁজ নিতে গিয়েছিল
তার আগুনে দগ্ধ করে ভস্ম করার জন্য
সে রাজি হয়নি।
জীবন তিতিক্ষা করে শেষে বজ্র বিদ্যুতের সহানুভূতি চাইতে গেল,
শোনা গেল সেও বৈরাগী হয়ে কিছুদিনের জন্য
নিরুদ্দেশের পথে যাত্রা করেছে।
নক্ষত্ররা কেউ এলনা !
জীবনকে অকালেই চিতা সাজাতে হল কেন?
অতীতে জীবন নাকি বলাকার কাছে
সবকথা জানিয়ে রেখেছে।
দিশা হারিয়ে দূরের ঐ বলাকার দিকে
চেয়ে বসে আছে
কে কখন চিতা জ্বালাতে আসবে
প্রতীক্ষায়…
Comments
Post a Comment