অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়
সপ্তর্ষি রায়
সত্তর দশকে কবিতা লেখার শুরু। খুব কমই লেখেন। এখনও পর্যন্ত তাঁর চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে।এখন এমন দিন,জন্মের ভিটেমাটি, কালপর্ব,সূর্য এক্ষুনি পাশ ফিরবে।
জ্বিগনিউ হারবারট(Zbigniew Herbert)-র কবিতার অনুবাদে কবি- অনুবাদক সপ্তর্ষি রায়
জ্বিগনিউ হারবারট(Zbigniew Herbert)
পোলিশ কবি,প্রাবন্ধিক ও নাটক রচয়িতা। যুদ্ধ উত্তরকালে পোলিশ লেখক সাহিত্যিক-দের মধ্যে সবচেয়ে বেশী পরিচিত ও অনুদিত একজন কবি। তাঁর কবিতা প্রথম প্রকাশিত হয় ১৯৫০ -এ। তারপর তিনি স্বেচ্ছায় পোলিশ সরকারি প্রকাশনালয়ে তাঁর লেখা জমা দেওয়া বন্ধ করে দেন।
জন্ম : ২৯ অক্টোবর ১৯২৪ ইউক্রেনে।
মৃত্যু: ২৮ জুলাই,১৯৯৮।
তিনি বহু পুরস্কারে পুরস্কৃত। তার মধ্যে উল্লেখযোগ্য kos'cielski award, Jerusalem prize for theFreedom of the individual in Society , Herder Prize।
কয়েকটি সুপরিচিত কাব্যগ্রন্থ: Chord of Light,H HermesDog and Star,Barbarian in the Garden,
Inscription,Mr Cogito,Still Life with a Bridle,
Epilogue of the Storm.
দু' ফোঁটা
আগুন লেগেছে বনে জঙ্গলে--
তারা অবশ্য
দু'হাতে জড়িয়ে আছে গলা
গোলাপের তোড়ার বন্ধনে
মানুষেরা আশ্রয়ে ছোটে--
একজন বলে তার বউয়ের এক ঢাল চুলে
যে কেউ লুকিয়ে পড়তে পারে
একটাই কম্বলে ঢাকা
চুপিচুপি স্বরে তারা নির্লজ্জ কথা বলে
গির্জার প্রার্থনা অনুসারে যারা ভালোবাসে
অবস্থা যখন সঙ্গীন হয়ে ওঠে
তারা ঝাঁপিয়ে পড়ে একে অপরের চোখে
আর জোরে বন্ধ করে দেয় চোখ
এত জোরে যে তারা বুঝলোই না
আগুনের তেজ পৌঁছে গেছে চোখের পাতায়
শেষ পর্যন্ত তারা ছিল সাহসী
শেষ পর্যন্ত তারা ছিল বিশ্বস্ত
শেষ পর্যন্ত তারা ছিল একই রকম
যেমন দু'ফোঁটা মুখের ঢালে
লাইব্রেরিতে ঘটা একটি কাহিনী
সোনালী চুলের মেয়েটি ঝুঁকে আছে একটি কবিতার উপর।
ডাক্তারি ছুরির মত ধারালো পেন্সিলে
শব্দকে ফুটিয়ে তুলছে সাদাপাতায়
আর কলমের আঁচড়ে বদলে দিচ্ছে
শব্দের ঝোঁক পঙক্তির স্বাভাবিক যতিচিহ্ন।
এক হতভাগ্য কবির বিলাপ এখন
পিঁপড়েতে খাওয়া বিষধর সাপের মত দেখাচ্ছে।
মেশিনগানের আগুনের নিচে যখন তাকে
বয়ে নিয়ে গেলাম, আমি বিশ্বাস করেছিলাম
তার নিস্পন্দ উষ্ণ শরীর জেগে উঠবে শব্দের মধ্যে।
এখন আমি যখন শব্দের মৃত্যু দেখি,
তখন জানি এই ক্ষয়ের কোনও সীমা নেই
আমরা চলে যাবার পর অন্ধকার পৃথিবীতে যা পড়ে থাকবে
তা হলো ছিন্নভিন্ন শব্দাংশ।
শূন্যতার ও ধুলোবালির উপর
শ্বাসাঘাতের দাগ।
সম্রাট
একদা এক সময়ে একজন সম্রাট ছিল। তার ছিল পীতবর্ণ চোখ আর আগ্রাসী চোয়াল। তার রাজপ্রাসাদ শিল্প ভাস্কর্যে ঠাসা আর সর্বক্ষণ পুলিশপ্রহরা। সে একা।রাতে সে জেগে ওঠে আর চেল্লায়।তাকে ভালোবাসার কেউ নেই। সবচেয়ে বেশী পছন্দ করে শিকার আর সন্ত্রাসপূর্ণ খেলা। এদিকে সে শিশুদের সঙে ও ফুলের সাথে ছবি তুলতো।যখন সে মারা যায় কেউ তার ছবি সরাতে সাহস করলো না। দেখে নিও তো তোমার ঘরে এখনও তার মুখোশ রয়ে গেছে কি না।
সপ্তর্ষি তোমার অনুবাদ কবিতা গুলো পড়লাম |জিগ্নিউ হার বার্ট নামে যে কোনো বিশিষ্ট পোলিস কবি ছিলেন, আমি তাই ই জানতাম না | তোমার অনুবাদ গুলো এতো
ReplyDeleteস্বচ্ছ ও সহজ বোধ্য হয়েছে যে,
আমার মতো স্বল্প শিক্ষিত
সামান্য লেখক ও বিশেষ ভাবে
উপকৃত হয়েছে |আমার খুবই ভালো লেগেছে |তুমি আরও শীর্ষে পৌঁছও এই শুভ কামনা জানাই |ভালো থেকো |