ক বি প বি ত্র ম ন্ড ল

 

পবিত্র মণ্ডল

জন্ম:–বনগাঁ মহকুমার গোপালনগরে ১৯৫৮ সালে। বনগাঁ কলেজ থেকে ১৯৮০ সালে ইংরেজীতে সাম্মানিক স্নাতক ও ১৯৮২ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।১৯৮০তে কোলকাতা ট্যাংরা  পোষ্টাফিসে পিওনের চাকরি, ১৯৮৪তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতা । ১৯৮৯ সালে বিসিএস পাশ করে মুর্শিদাবাদে বিডিও, নানান জেলায়  ও পরে কোলকাতায় বিভিন্ন পদে কাজ করে  ২০১৮ সালে  পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিশেষ সচিব পদে অবসর নেন। বর্তমানে ল্যান্ড ট্রাইব্যুনালে বিচারকের পদে নিযুক্ত ।প্রকাশিত গ্রন্থ– কাব্যগ্রন্থঃ জলে মৃদঙ্গে বাজে ঝড় (যুগ্ম সঙ্কলন), স্বপ্ন খনন,দেহলগ্ন, উৎক্ষিপ্ত ডানা,উজ্জ্বল আকাঙ্খা, Dream and Fire ( ইংরেজী ,যুগ্ম সংকলন),স্বপ্নের ভার ( ছোট গল্প সংকলন )।


দুটি কবিতায়

কবি পবিত্র মন্ডল










সম্পর্ক


সম্পর্ক সেলাই ক’রতে বসেছি আজ -

বাবুইয়ের ঠোঁটে সোনালী তন্তু বুনে 

জুড়ে দেবো ছেঁড়া সংলাপ!

জোনাকি আলোর মৃদুভাষ সংযমে 

গড়ে নেবো জুঁই সংযোগ ...

ভালবাসা এঁকে টাঙ্গিয়ে রাখছি দেওয়াল জুড়ে -

দিগন্তে জড়িয়ে থাকা সুর ও সবুজের বাঁধন 

রেখেছি প্রেক্ষিতে,স্পন্দনে আলতো হাওয়া,

ঝিরিঝিরি কৃষ্ণচূড়া সাবলীল...

তুমি এইখানে বসবে সৃজনে -

পুণরুত্থিত সম্পর্কের স্নিগ্ধতায় হৃদয়ের পাশে -

দীর্ণ কবিতার সংবহনে বয়ে যাবে সেতুর বিন্যাস ...

সম্পর্ক সেলাই ক’রতে বসেছি আজ !

                   

স্বপ্নিল দু:খ


স্বপ্নমুখী পানকৌড়ি নি:সীম নীলে 

সাঁতার কেটে কেটে হলুদ রোদের প্রস্রবণে 

হারিয়ে গেল - ও কি লৌকিক দু:খ বোঝে?

ওর দু’ডানায় ঢেউ তোলা চঞ্চলতা,

বুকের ভেতরে গভীর স্পন্দনের মতো 

সুসংবদ্ধ ওঠা-পড়া দাগ আঁকে -

না-উড়তে পারার যন্ত্রণা ও জানে না!

জানি মৃত্যুর হাতে সব মুছে যাবে :

নিরঙ্কুশ উদাসিনতার অবন্ধন পৃথিবী জুড়ে

শুধু স্বপ্নিল দু:খ, না-উড়তে পারার কষ্ট 

                              টিকে যাবে জন্মান্তরে!


Comments

Popular posts from this blog

ক বি মৌ লী না থ গো স্বা মী