ক বি নূ র ম হ ম্ম দ
নূর মহম্মদ
জন্ম:- বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত ধনঞ্জয় বাটি গ্ৰামে ২ রা অক্টোবর ১৯৫৯। পিতা মহম্মদ ইদ্রিস।মাতা গোলে বিবি। সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে অনার্স পাশ করে ইংরাজীতে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ।পরে বাংলায় প্রাইভেটে এম এ পাশ।পরে শিক্ষকতার জীবন। এ পর্যন্ত কবির আবহমান রৌদ্র ভূমিতে, শাশ্বত প্রলাপ,স্বর্গনিসর্গের যাপনে প্রভৃতি
চোদ্দোটি কাব্যগ্রন্থ প্রকাশিত। তিনি দেশ বিদেশের বিভিন্ন বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে চলেছেন।
দুটি কবিতায়
কবি নূর মহম্মদ
কষ্ট:- ১
আমাদের পিষ্ট নিষ্পেষিত করে চলেছে সে
ভেঙে ফেলতে চায় সুখী জীবন আমাদের
নষ্ট করে দিতে চায় আয়ু পরমায়ু প্রাপ্য যতটুকু
সুখের পাশেই দুঃখ এসে দেখা দিয়েছে ক্রমান্বয়ে
তবু তাকে বিনষ্ট করে এগোয় আমরা দুর্বার
দুঃসাহসেই এগিয়ে যাই দুহাতে সরিয়ে তাকে দূরে
কষ্ট সেতো থামাতে চায় আমাদের গতিবিধি
প্রলুদ্ধ করে দুর্জন হয়ে ক্ষণে ক্ষণে আত্মহত্যার
সব পরিক্রমা নষ্ট করতে চায় ভবিষ্যতের
মাঝে মাঝে ঝড় হয়ে ভাঙতে চায় জীবনবৃক্ষ
তবু যে পেরেছে সহ্য করতে ধৈর্য্য ধরতে নীরবেই
পায় সে পেয়ে যায় জীবনের স্বাদ ভরপুর সুন্দর।
চক্রবু্হে:-২
বেরোতে পারছি না এই নির্মম দৃশ্য থেকে
আটকে গেছি পড়েছি একেবারেই জড়িয়ে
শত প্রচেষ্টাও হচ্ছে ব্যর্থ প্রতিদিন
আমাকে কুরে কুরে খায় ব্যর্থতার অপমান
কেন আমি হয়ে উঠতে পারিনি বিশুদ্ধ মানুষ
কেন আমি সংবরণ করতে পারিনি হিংস্র লোভ
কেন আমি মুক্ত হয়ে উঠতে পারিনি অতি আকাঙ্খা থেকে
চক্রব্যুহে আটকে পড়েছি যেন আষ্টেপৃষ্ঠে সবাই
চাইলেও পারিনা করতে নিজেদের সহজ সরল
শত প্রলোভনের আবর্তে জীবন করছি বিচ্যুত একে একে
হয়ে যাচ্ছি ঘৃণ্যতম মানুষ কুৎসিত চর্চায়
মুক্তি নেই আমাদের মুক্তি নেই ভ্রষ্ট জীবন থেকে।।

Comments
Post a Comment