ক বি পৃ থা চ ট্টো পা ধ্যা য়

 

পৃথা চট্টোপাধ্যায়

বর্তমান সময়ে কবিতা লিখছেন। বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। 'সাহিত্য এখন' এবং 'বারাকপুর স্টেশন পত্রিকা' এই দুটি পত্রিকার সঙ্গে যুক্ত আছেন। কবিতা ছাড়াও মুক্ত গদ্য লিখতে ভালোবাসেন। তাঁর দুটি কবিতার বই "উল্কি আঁকা নদীজল" এবং "পৃথা চট্টোপাধ্যায়ের কবিতা" সাম্প্রতিক প্রকাশিত হয়েছে।

দুটি কবিতায়

কবি পৃথা চট্টোপাধ্যায়












ঘর


নিঝুম স্টেশন পার হয়ে প্রতিদিন সন্ধ্যা হলে ঘরে ফেরো

দরজায় তোমার অপেক্ষা করে সুখ


আমি অদূরে দাঁড়িয়ে দেখি তাকে

একা চলতে চলতে কীভাবে ক্ষয়ে যাচ্ছে পা দুটি

ঝুলে যাচ্ছে কাঁধের ব্যাগ

দূরে দূরে সরে যাচ্ছে ঘর


সেই শান্তিনিকেতনী ব্যাগের অভ্যাস টুকু

ডান হাতে ঠিক করে নাও বাঁ-কাঁধের ফিতে

টুকটুকে গল্প ঘেরা জীবনের স্রোতে

তবু থমকে যায় তোমার চলা


চশমার কাচে মায়াময় ছবি আত্মপর

কোনো এক নিভৃত মেয়ের এক্কা দোক্কা খেলা ঘর


কথা এবং বৃষ্টি কথা

১.

কথার দাঁড়েই শুকসারি বসে থাকে

কথায় কথায় ভেঙে যায় রাঙা মন

সুখ-দুঃখ মাখে উমনো ঝুমনো কথা

কিশোরী এপ্রিলে এমন কথারা ছিল

জারুল গাছের অজস্র বেগুনি ফুলে

আমার কথারা খুনসুটি চোখে হাসে


যেহেতু কথারা তোমার নিষেধ জালে

দমবন্ধ রাখে আমার অলীক দিন

রাজা তুমি জানো মুক্ত ধারা গল্পকথা

টুপটাপ ঝরে জুঁই ফুলি বৃষ্টি কথা


২.

হঠাৎ করে বৃষ্টি এলে

দৌড়ে ছাদে যেতে ভালো লাগে

ভালো লাগে বৃষ্টি কথা

ভিজে একসার হয়ে যাই

শুকনো কাপড় ভিজে যায়

ভিজে যায় পাখির পালক কথা




Comments

Post a Comment

Popular posts from this blog

স ম্পা দ কে র জা না লা

অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়