ক বি অ জি তে শ না গ
অজিতেশ নাগ
জন্ম:- উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। লেখালেখির জীবন সাড়ে তিন দশকের। সিগনেট, মিত্র ও ঘোষ, প্রতিভাস, কবিতা আশ্রম, হাওয়াকল, ধানসিড়ি সহ বহু প্রকাশনী থেকে ৮টি উপন্যাস, ৫টি গল্পগ্রন্থ, ১টি প্রবন্ধের বই আর ১৪টি কবিতার বই এযাবৎ প্রকাশিত। লেখা প্রকাশিত দেশ, কৃত্তিবাস, সানন্দা ম্যাগাজিন, সানন্দা ওয়েব, শুকতারা, বর্তমান, চাকা, রেওয়া, কবিতাআশ্রম, কবি সম্মেলন, ভাষানগর, একমাত্র, বম্বে-ডাক, আলোকবর্ষ ইত্যাদি বহু পত্রপত্রিকায়। সোপান সাহিত্য সম্মান, রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ড ২০২১, রেওয়া সাহিত্য সম্মান, দেবেশ রায় রত্নকলম পুরস্কার, যুগসাগ্নিক যশোর সাহিত্য সম্মাননা, সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার সহ প্রচুর সম্মাননা পেয়েছেন আজ অবধি। ইন্টারন্যাশনাল সিনেম্যাটিক স্টোরি হান্ট কম্পিটিশনে প্রথম পুরস্কারস্বরূপ পেয়েছেন গোল্ড মেডেল। অংশগ্রহণ করেছেন সাহিত্য আকাদেমি, ভারত সরকার দ্বারা আয়োজিত ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ অনুষ্ঠানে।
দুটি কবিতায়
প্রস্তরীভূত শীতঘুম
শুধু একবার চারদিকে চেয়ে দেখি কেউ দেখছে কী না,
তারপর এক ফাঁকে ডুব দিই আজকের ইতিহাসের কোনও তারিখে,
পাথরের পর পাথর, স্তরের নিচে স্তর ভেঙে ভেঙে,
শিহরিত হই,
আমার নখের কোনায় কোনায় আটকে যাচ্ছে,
এই সময়কার কোন মানুষের শব্দ, কোন মানুষীর নিঃস্তব্ধতা,
তারাও বলত কথা, ভাষায় হারাত শব্দ,
আত্মা বলে কিছু থাকলে থাক, শব্দেরা জমাট বেঁধে ফসিল হতে চায়।
আমি প্রস্তরীভূত শীতঘুম ভেঙে তুলে আনি সেই সব শব্দ,
অনেক, অনেক, অনেক............
কিছু বিরক্ত, কিছু স্নিগ্ধতা – পৃথিবীর কোষে কোষে,
একজন কবিই পারে আঁকতে তাদের অশ্রুর রং;
শব্দের প্রকান্ড বিশ্বাস, নিখুঁত সাজানো....
কে বলে কবি’রা শব্দ চুরি করে না?
অগ্নিপথে
একমাত্র আগুন যা পারে পুড়িয়ে দিতে সব আত্মসম্মান,
একমাত্র আগুন যে এনে দিতে পারে সেই নিম©ম চাহিদা,
যে চাহিদা এখন শবের অস্তিত্ব নিয়ে স্বপ্নপূরনে ব্যথ©,
কোন অলিক দ্বীপে বাস করে সেই স্বপ্নের প্রেমিকা,
একমাত্র আগুন পারে মধ্যের সব জলটুকু শুষে নিতে।
আমাকে সেই আগুন নিতে দাও,
দগ্ধ হতে দেখি সীমাহীন যতিচিহ্নটুকু,
বিরামহীন প্রদোষ যেন একটি একটি আগুনের বিন্দু।
এক অনন্তযাত্রীবাহী নৌকা ভিড়েছে ঘাটে,
আমি উঠে যাব রাত শেষ হবার আগেই,
ঊষাকাল শ্মশান হয়ে আছে এখনো ধিকিধিকি,
নিঃশব্দ পথটা হারাতে দিলো না আমায়,
তাই আগুন দাও প্রিয়া, আমি মাঝের সামান্যপথটুকু পেরোতে চাই।
Comments
Post a Comment