ক বি প ঙ্ক জ মা ন্না


পঙ্কজ মান্না

জন্ম:- ১৯৫১ সাল, ১৫ ই এপ্রিল, পশ্চিম মেদিনীপুর জেলার কদমডিহা গ্ৰামে। ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা। করেছেন সরকারি চাকরি। বর্তমানে কলকাতায় বসবাস।কবিতা লিখছেন চার দশকের বেশি পশ্চিমবঙ্গের কলকাতা ও জেলার অসংখ্য সাহিত্যপত্রে।প্রকাশিত কাব্যগ্রন্থ নয়টি:শূন্যতেই ফেরা,ডাকনাম ভালোবাসা,ক্লান্ত ধ্রুবতারাকে বলি,রং রুটে কতদূর যাবে,প্রাক্তন ফাল্গুন জানে,উজান হাওয়া, আট পংক্তির জীবনকথা,ছায়ার সাথে এ-ঘর ও-ঘর,আলোপাখি।

দুটি কবিতায়

কবি পঙ্কজ মান্না

যদি ফের ডাকো                          


তাঁকে বলে দিও ঋতবাক এসেছিল

কল্পনা-কথা জড়িয়ে লতার মতো

অবচেতনের ছায়াঘেরা প্রজ্ঞানে

কিছু গেঁথে রাখা,বাকিটা অসংবৃত 


মায়ালোক ছিল গোধূলির সন্ধ্যায়

আঁকাবাঁকা পথে নিয়ে গেছে তাঁরে ঘাটে

সারা গায়ে আঁকা বোধিদ্রুম তথাগত

মাথা থেকে বুকে অক্ষর লঘু হাঁটে 


অলক,তোমাকে চিনতে পারিনি বলে

অনামিকা থেকে ঝরে গেছে যত আলো 

অভিমান নেই,'আমি' ভাসিয়েছি জলে

মধুর স্পর্শে হৃদয়ে প্রদীপ জ্বালো 


বসে আছি একা বিধূর বিনত বেলা

যদি ফের ডাকো চির পুরাতন খেলায়


সময় আঁকি

                    

ইটের দেয়াল এবং মানুষ কেউ হাসে না আগের মতো

সত্যিকারের খুঁদকুড়ো দাও মাটির ঘরে রান্না চড়াই

তেমন নিবিড় কান্না পেলে মেঘ হয়ে ঘোর বর্ষা নামাই 


কাব্য লিখে কী আর হবে! এবার বরং জীবন লিখি

তোমার কাঁধে হাত রেখে দুখ তুফান পেরোয়, আমরা দেখি 


গম-রঙা এই শীতের রোদে বস্তি বুড়ি মেলছে যাপন

পেটের ছেলে পর হয়ে যায় কুকুরছানা অধিক আপন 


একটা মানুষ লেংচে পেরোয় দুঃখ নদীর অচল প্রাচীর

এসব দেখে ঝর্ণাকলম বাক্যহারা দাঁড়ায় স্থবির 


কাব্য লিখে কী আর হবে! এখন জীর্ণ সময় আঁকি

মানবজীবন চোখের মণি, তাহার চোখে অশ্রু রাখি 






Comments

Popular posts from this blog

ক বি মৌ লী না থ গো স্বা মী