ক বি পা র্থ সা র থি গা য়ে ন


পার্থসারথি গায়েন

জন্ম:- ৬ মে,১৯৫৩। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্থি থানার গড়খালি গ্রামে। বর্তমানে কলকাতার ঢাকুরিয়া এলাকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক।পরে ডব্লিউ বি সি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি ও খাদ্য দপ্তরের ডাইরেক্টর হিসেবে অবসর। কবিতার পাশাপাশি উপন্যাস, নাটক,গল্প লেখায় তাঁর কলম সিদ্ধহস্ত।পুরস্কার ও সম্মাননা:- ভাষাবিদ ড. শহীদুল্লাহ স্মৃতি পুরস্কার, বনানী সাহিত্য পুরস্কার, পন্ডিত মদন মোহন তর্কালঙ্কার স্মৃতি পুরস্কার,বঙ্কিম সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ থেকে পেয়েছেন একাধিক সাহিত্য সম্মাননা।প্রকাশিত কাব্যগ্রন্থ:-এসো হৃদয় খুঁড়ি,টাঁড় বনের উপকথা প্রভৃতি।

দুটি কবিতায়

কবি পার্থসারথি গায়েন


পৃষ্টপোষক


দুর্বৃত্তের বর্বরতা আমাকে তেমন ভাবে 

বিচলিত করে না কখনও 

কেননা তারা তো নিতান্তই সংখ্যালঘু 

বোধহীন মুষ্টিমেয় এক ক্ষুদ্র জনগোষ্ঠী মাত্র

 

আমাকে ক্রমাগত অস্থির করে তোলে 

এইসব তথাকথিত ছৌ-নাচ সাজে সেজে থাকা

সংখ্যাগুরু ভালো মানুষের 

হিমায়িত ভীরু নীরবতা 

প্রতিবাদহীনতা প্রকৃতপক্ষেই ঘৃণ্য পৃষ্ঠপোষকতা


ধর্মপ্রাণ 


ধর্মের উড্ডিন ধ্বজা ধরে বন্ধু বেশে

এসেছিল একদল একনিষ্ঠ ধর্মীয় যাজক 

তাদের সুডৌল হাতে ছিল 

পুরাণ- কোরান- বাইবেল- ত্রিপিটক... 

আর শ্রমজীবী আমাদের একান্ত সম্বল ছিল

আমাদের জমি-জমা আর হালের বলদ

 

তারা আমাদের বললে শান্ত হও, সভ্য হও 

তারা আমাদের বললে--ঈশ্বরের নাম গুনগান করো 

তারা আমাদের বললে-- চোখ বন্ধ করে মৌন হও

চোখ খুলে হতবাক হয়ে আমরা সবাই দেখি

আমাদের হাতে পুরাণ- কোরাণ- বাইবেল- ত্রিপিটক, আর হালের বলদ সহ জমি ও জিরেত সবকিছু তাদের দখলে!


Comments

Popular posts from this blog

ক বি মৌ লী না থ গো স্বা মী